সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আহত ৫০

Published: November 4, 2026, 5:57 am

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল থেকে উলাইল ও হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিভিন্ন কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সংঘর্ষে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এবং উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের সামনে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বর্তমানে পদ্মার মোড় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় হেমায়েতপুর ও উলাইলসহ সাভারের বিভিন্ন পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সকাল সাড়ে ৯টার দিকে জানিয়েছেন, শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এদিকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin