আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে আহত স্কুলছাত্র সামি সুস্থ আছে

Published: November 3, 2026, 2:56 am

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের সময় ইটের আঘাতে নুরুজ্জামান সামি নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আহত সামির বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনশাইল এলাকায়।

সোমবার সকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আন্দোলনকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে সামির মাথা ফেটে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সাভারের নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথায় তিনটি সেলাই দেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের জিম্মায় বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে সে বাড়িতে সুস্থ আছে বলে তার বাবা ইউসুফ রানা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সামির বাবা ইউসুফ রানা জানান, সোমবার সকালে তার ছেলে যথাসময়ে স্কুলে গিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হলেও শ্রমিক অসন্তোষের কারণে তাদের স্কুলের ভেতরেই আটকে রাখা হয়েছিল। পরে তার চাচা রফিকুল ইসলাম সামিকে নিয়ে স্কুল থেকে বের হওয়ার সময় শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে সামির মাথা ফেটে যায়। তিনি আরও জানান, সামির শরীরে কোনো গুলির আঘাত লাগেনি বা গুলির কোনো ঘটনা ঘটেনি।

এদিকে সামি আহত হওয়ার পর তার আইডি কার্ড ও স্কুলের ইউনিফর্মে থাকা অবস্থায় তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বপন কুমার বলেন, বেলা ১১টার দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে সামির মাথা ফেটে যায়। চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার ও শিক্ষকরা স্পষ্ট করেছেন যে, সামির মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy