গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন পালিয়ে গেছেন। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া এলাকার কাজল মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। আজ শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বরমী মধ্যপাড়া এলাকায় কাজল মিয়ার বাড়িতে ভাড়া থাকা কবির হোসেনের বাসায় গাঁজার একটি বড় চালান এসেছে। এই তথ্যের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁর স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। পরে কবিরের ভাড়া বাসার একটি কক্ষ তল্লাশি করে বিভিন্ন রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, পলাতক কবির হোসেন দীর্ঘদিন ধরে আন্তজেলা মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজার বড় বড় চালান নিয়ে এসে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেপ্তার হওয়া তাহমিনা বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী পলাতক কবির হোসেন একই গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আগের আরও ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় কবির হোসেন ও তাঁর স্ত্রী তাহমিনার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





