জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংলাপ প্রক্রিয়ার প্রথম ধাপে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রীর সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া এনসিপির প্রতিনিধিদলে চারজন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারিং ফোরমের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মূলত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তোলাই এই আলোচনার কেন্দ্রবিন্দু। সংলাপে দলগুলোর নিজস্ব দাবি-দাওয়া, ভবিষ্যৎ কর্মসূচি এবং রাষ্ট্র পুনর্গঠনের নানান প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানকারী শক্তির মধ্যকার ঐক্যে কেন ফাটল ধরল এবং এর নেপথ্য কারণ কী, তা নিয়েও বিরোধী দলগুলো প্রশ্ন তুলতে পারে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, রাষ্ট্র পুনর্গঠন এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। ইতিপূর্বে জাতীয় সংসদের সমাপনী বক্তব্যেও তিনি সংসদ ও সংসদের বাইরে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একমঞ্চে আসার আহ্বান জানান এবং আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। ওই দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমানও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং সমাপনী অধিবেশনে দুই শীর্ষ নেতা একান্তে বৈঠকও করেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, সন্ত্রাসী ও ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের পক্ষশক্তির বিভাজন দূর করে পুনরায় অভিন্ন অবস্থানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের সূচি এখনো নির্ধারিত হয়নি। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, প্রধানমন্ত্রী জাতীয় সংলাপ করবেন বলে তারা শুনেছেন, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো তাদের জানানো হয়নি। বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বর্তমানে বিদেশে রয়েছেন; তিনি আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরলে জামায়াতের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, তারা এখনো সংলাপের কোনো আনুষ্ঠানিক দাওয়াত পাননি। তবে আমন্ত্রণ পেলে তারা জাতীয় স্বার্থে সংলাপে যোগ দেবেন। সাইফুল হক জানান, তারা সংলাপে সরকারের দুর্বলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন। অন্যদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ উল্লেখ করেন, অভ্যুত্থানের ঐক্য কেন ভেঙে গেল তা নিয়ে আত্মসমালোচনা দরকার এবং বর্তমান সরকারের ভূমিকা ও দায় নিয়েও সংলাপে তারা আলোচনা করবেন।
এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের সংলাপে এনসিপি’র ৪ সদস্যের একটি টিম যাবে বলেও জানিয়েছেন তিনি। এ প্রতিবেদন লেখ





