পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি

Published: November 23, 2026, 2:57 am

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে শিল্পটি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির জেরে ৩১৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এই সময়ের মধ্যে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী মোট ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।

উৎপাদন ব্যাহত হওয়ার ফলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অনেক রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে। বিজিএমইএ জানিয়েছে, এই পরিস্থিতি সামাল দিতে কারখানাগুলোকে পণ্য আকাশপথে পাঠাতে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিল হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতিমধ্যে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন। বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির কেবল একটি আংশিক চিত্র। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। এছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে, ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিজিএমইএ। বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়াকে এই পরিস্থিতিরই প্রতিফলন হিসেবে দেখছে সংগঠনটি। দেশের অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এই সংকট থেকে দ্রুত উত্তরণের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy