প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার একটি প্রাথমিক দ্বার উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তবে তিনি সতর্ক করে বলেছেন, কেবল চা বা বিরিয়ানি খাওয়ার মাধ্যমে এই সংকটের সমাধান আসবে না। সংকটের প্রকৃত সমাধানের জন্য জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচার নিশ্চিত করা অপরিহার্য।
শনিবার দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশ ও জাতির প্রয়োজনে মতের ভিন্নতা থাকলেও কিছু ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে। সেই ঐক্যের সেতুবন্ধন হিসেবে তিনি গণভোট, জুলাই সনদ, বিচার প্রক্রিয়া এবং ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কারকে চারটি প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্র থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। একটি জেলার দুটি থানাকে নিষ্ক্রিয় করে পুলিশ চলে আসার ঘটনাকে তিনি চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। গোপালগঞ্জের পরিস্থিতি উত্তরণেও সরকারকে অবিলম্বে গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারের মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একক প্রার্থী দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয়, তাই একে দলীয় রূপ দেওয়ার সুযোগ নেই। জামায়াতে ইসলামী মনে করে, প্রত্যেক দল নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনগণের কাছে যাবে এবং জনগণ যাকে গ্রহণ করবে সেই নির্বাচিত হবে। জোটের প্রশ্ন এখানে অবান্তর। কোনো পক্ষ স্থানীয় পর্যায়ে আলোচনা করতে চাইলে তা কেন্দ্রীয়ভাবে বিবেচনা করা হবে, তবে এখনো সেই সময় আসেনি বলে জানান তিনি।
এ সময় তার সঙ্গে রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন। পরে তিনি পানসি রেস্টুরেন্টে ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।





