বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেরোবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার মূল বিষয়বস্তু ছিল ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’। এটি মূলত ‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক সাব-প্রজেক্টের অংশ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সচেতনতা এবং তথ্যভিত্তিক উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য। তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ মডিউল এবং জরিপ উপকরণগুলো নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাবের লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাবের লিড ড. ইশরাত জাহান খান বর্ষা। দিনব্যাপী এই আয়োজনে ১০টি মডিউল সমৃদ্ধ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’ যাচাই-বাছাই করা হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।





