ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ঢাকার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মের সম্মেলনটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, একটি দেশের ভবিষ্যৎ মূলত তার তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতার ওপর নির্ভর করে। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিশ্বমানের করে গড়ে তুলতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রসার প্রয়োজন।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (UNITAR) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং CIFAL গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ. মেজিয়া। অনুষ্ঠানে আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (EURAS) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও আইএইউপির ট্রেজারার ইলেক্ট (২০২৭–২০৩০) ড. মো. সবুর খান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টরসহ দুই শতাধিক সম্মানিত অতিথি এতে অংশ নিয়েছেন।
ড. মো. সবুর খান বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ক্লাস, গবেষণা, বিনিময় কর্মসূচি এবং শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্পের সুযোগ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। তিনি আরও জানান, এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী কাজ বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবেন।
‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর আ সাসটেইনেবল, ইনোভেটিভ অ্যান্ড এআই-এমপাওয়ার্ড ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উচ্চশিক্ষা, উদ্যোক্তা তৈরি, নারীর অংশগ্রহণ, টেকসই ক্যাম্পাস এবং উন্মুক্ত বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আলোচিত হচ্ছে। সম্মেলনের বিভিন্ন পর্ব ড্যাফোডিল প্লাজা (ধানমন্ডি), শেরাটন বনানী এবং ড্যাফোডিল স্মার্ট সিটি (বিরুলিয়া, সাভার)-এ অনুষ্ঠিত হচ্ছে।
এই আয়োজনের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বিশেষ প্রদর্শনীতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবন ও গবেষণার প্রয়োগ তুলে ধরা হয়েছে। আগামী ২১ নভেম্বর আন্তর্জাতিক প্রতিনিধিরা ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ঐতিহ্যের হাট’ এর মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলার সংস্কৃতি ও বৈচিত্র্য আন্তর্জাতিক অতিথিদের সামনে উপস্থাপন করা হবে। এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার সক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুনভাবে দৃশ্যমান করবে বলে মনে করছেন আয়োজকরা।





