চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন।
অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একাডেমিক কাউন্সিলে আলোচনার পর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শর্তাবলি, সময়সূচি ও মানবণ্টনসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চুয়েটে বর্তমানে চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট ৯৩১টি আসন রয়েছে। এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত। পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য অনুষদের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
ভর্তি পরীক্ষা এবারও দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর পাশাপাশি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে খ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ অন্তর্ভুক্ত থাকবে।
গতবারের ভর্তি পরীক্ষায় দুই গ্রুপের জন্যই গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৫০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছিল। খ গ্রুপের স্থাপত্য বিভাগে আগ্রহী প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ নিতে হয়েছিল, ফলে তাদের মোট পরীক্ষার নম্বর ছিল ৭০০। চলতি শিক্ষাবর্ষে এসব শর্ত বা মানবণ্টনে কোনো পরিবর্তন আসবে কি না, তা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর জানানো হবে।





