নওগাঁর মান্দায় কিশোর অপরাধ ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মান্দা উপজেলার চকউলী গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন ইসলাম (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে চকউলী গ্রামে অভিযানটি চালানো হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছে তিনটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এর মধ্যে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় একটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক জব্দ করা হয়েছে।
অস্ত্রের পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করেছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জেলা পুলিশ এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।





