কক্সবাজারে হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

Published: October 23, 2026, 3:00 pm

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর মাত্র এক সপ্তাহের মাথায় আবারও পর্যটন নগরীতে আগুনের ঘটনা ঘটেছে। এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ নামক একটি আবাসিক হোটেলে আগুন লেগেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হলে সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হোটেল কর্তৃপক্ষের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের দাবি করেছেন যে, তাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের তৎপরতার কারণেই বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং সব পর্যটক নিরাপদে রয়েছেন। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের আরেকটি হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনায় স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin