অবসর পরবর্তী জীবন নিয়ে নেইমারের পরিকল্পনা

Published: October 23, 2026, 3:45 pm

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া শেষ, তবে ক্লাব ফুটবলে নেইমার জুনিয়র আর কতদিন সক্রিয় থাকবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্প্রতি মাঠের ফুটবলকে বিদায় জানানোর পরবর্তী জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সান্তোসের এই তারকা জানিয়েছেন, অবসরের পর প্রথম পুরো একটি বছর তিনি কোনো পেশাদার দায়বদ্ধতায় আবদ্ধ না থেকে কেবলই 'অলস' সময় কাটাতে চান।

ব্রাজিলে 'ভারান্দা গুরমে' নামক একটি অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের নেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরোত্তর পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন নেইমার। পেশাদার ফুটবলের দীর্ঘদিনের কঠোর নিয়মকানুন থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, অবসরের পর প্রথম এক বছর তিনি কিছুই করবেন না। নেইমার হেসে যোগ করেন, তার রুটিন হবে সম্পূর্ণ নিজের ইচ্ছাধীন—আজ ফুটবল খেলতে মন চাইলে খেলবেন, না চাইলে কিছুই করবেন না। অবসরের পর কখন আনন্দের জন্য ফুটবলে ফিরবেন কিংবা কখন অলস সময় কাটাবেন, সেই সিদ্ধান্তও তিনি নিজের মতো করেই নিতে চান।

সাক্ষাৎকারে নেইমার তার সন্তানদের সঙ্গে কাটানো দৈনন্দিন জীবন নিয়েও কথা বলেছেন। নিয়মিত অনুশীলন ও ফিজিওথেরাপির মতো চরম ব্যস্ততার মাঝেও তিনি পরিবারের জন্য সময় বের করে নেন। ব্রাজিলিয়ান এই তারকা জানান, তিনি সন্তানদের পছন্দকে সবসময় প্রাধান্য দেন। বিশেষ করে তার মেয়ের পছন্দের অ্যানিমেটেড সিনেমা 'শ্রেক' ও 'দ্য গ্রিঞ্চ' দেখার বিষয়টি তিনি উল্লেখ করেন। ব্যস্ত রুটিনের ফাঁকে মেয়ের পাশে বসে এই সিনেমাগুলো উপভোগ করাই তার সময় কাটানোর অন্যতম উপায়। মাঠের রাজত্ব শেষে নেইমার যে নিজের মতো করে একটি সাধারণ, পারিবারিক ও স্বাধীন জীবন উপভোগের অপেক্ষায় আছেন, তা এই সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে উঠেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh