খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ

Published: October 23, 2026, 7:00 am

খুলনায় খুশি (২৪) নামের এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাহ পাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত তরুণী খুশি ওই এলাকার খোকন শেখের মেয়ে এবং সুমন সরদারের স্ত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় খুশি জিন্নাহ পাড়া এলাকায় তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মিরাজ নামের এক যুবক সেখানে উপস্থিত হয়ে খুশির মাকে সালাম দিয়ে কথা বলা শুরু করেন। কথাবার্তার এক পর্যায়ে মিরাজ হঠাৎ পিস্তল বের করে খুশির মাথায় ও শরীরে গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত মিরাজের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে অভিযান পরিচালনা করছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh