নরসিংদীতে দেড় হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

Published: October 23, 2026, 6:47 am

‘সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প নেই’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে বর্ণাঢ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী রানার্স কমিউনিটির উদ্যোগে শুক্রবার সকালে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার ৫০০ জন দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয় আরশীনগর রেলগেটে। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এতে ৪২ কিলোমিটার দৈর্ঘ্যের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন—এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা লড়াই করেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হয় ফুল ম্যারাথন। এরপর সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনের দৌড় শুরু হয়। ভোর থেকে শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত তিন ক্যাটাগরিতে প্রতিযোগীরা সড়ক জুড়ে দৌড়ে অংশ নেন।

দৌড় শেষে নরসিংদী সরকারি কলেজ মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের হাতে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক আক্তারুজ্জামান, রেস অ্যাম্বাসেডর খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh