নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তারিখ মাইকিং করে প্রচারের ঘটনায় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে মাইকিংয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ১২নং কাশোপাড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল জলিল সরকার (৫০)। শহিদুল ইসলাম শহীদ রাঙ্গামাটিয়া গ্রামের প্রয়াত আব্দুল জলিল প্রামানিকের ছেলে এবং আব্দুল জলিল সরকার নবগ্রাম তালাপাড়া গ্রামের প্রয়াত গমা সরকারের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন মিলে নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকায় খোলা মাঠের রাস্তায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ১৮ সেকেন্ডের একটি মাইকিংয়ের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পরপরই অভিযান শুরু হয়। দেশকে অস্থিতিশীল করার অভিযোগে রাতেই ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম শহীদ বিষয়টি জানতেন বলে স্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় মাইক লাগিয়ে প্রকাশ্যে প্রচারণা চালানো হচ্ছে। সেখানে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দাবি করা হয়, আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরবেন। প্রচারণায় দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে শেখ হাসিনার ফেরার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়।
এই প্রচারণার পেছনে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উঠে এসেছে। আসলাম টিপুকে একাধিক রাজনৈতিক মামলার আসামি এবং সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা হিসেবে পরিচয় দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।





