সৌদিতে হুতিদের হামলায় দুই বাংলাদেশি আহত, তীব্র নিন্দা বাংলাদেশের

Published: October 23, 2026, 2:45 pm

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনি গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার ঘটনায় আবারও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। তারা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বুধবার রাতের ওই হামলায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে বেশ আশঙ্কাজনক।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। একইসঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। তাদের মধ্যে শাহেদ আহম্মেদ নামের একজনের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।

আহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh