গাজীপুরের কওমি মাদ্রাসায় শিশু নিপীড়ন, দুই আসামি গ্রেপ্তার

Published: October 23, 2026, 5:13 pm

গাজীপুরের গাছায় একটি আবাসিক কওমি মাদ্রাসার আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাছা থানাধীন কলমেশ্বর এলাকার ডেঙ্গুর আলী সড়কে অবস্থিত দারুল হেদায়া কওমি মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে ওই শিশু পড়াশোনা করে আসছিল। গত ১১ অক্টোবর রাত আনুমানিক দেড়টা এবং ১২ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে শিশুটিকে মাদ্রাসার স্টোর রুমে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের ভয় দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, ঘটনাটি জানার পর তিনি মাদ্রাসায় গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা অবহিত করেন। তবে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামি হলেন শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) এবং মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু নিপীড়নের এ ঘটনায় প্রচলিত আইনে তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy