দেশকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: লক্ষ্মীপুরে এটিএম মা’ছুম

Published: October 24, 2026, 3:09 pm

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভিযোগ করেছেন যে, বর্তমান ক্ষমতাসীনেরা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিএম মা’ছুম বলেন, দেশের অবস্থা খুব একটা ভালো নয়। জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ছাত্র, শ্রমিক ও মেহনতি মানুষ রক্ত ও জীবনের বিনিময়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনকে বিদায় করেছিল। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছেন, তারা আবারও একই ধারায় দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে আবারও রাজপথে নামার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আগামী দিনে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে আন্দোলনের শক্তিকে মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে মানুষ জীবন দিয়েছিল, সেই লক্ষ্যেই যেন বাংলাদেশকে গড়ে তোলা যায়, সেদিকে নেতৃবৃন্দকে নজর দিতে হবে।

সমাবেশে তিনি বর্তমান সময়ের প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইসের নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, ইউটিউব, ফেসবুক ও টুইটারের মাধ্যমে অশ্লীলতা ও বেহায়াপনা যেভাবে ছড়ানো হচ্ছে, তা নতুন প্রজন্মকে চরিত্রহীন করে তুলছে। এখন আর ছেলেরা সিনেমা হলে যায় না, কারণ প্রত্যেকের পকেটে একটি সিনেমা থাকে। এই অপসংস্কৃতি থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মমিনুল হক, লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন, সদর উপজেলা সভাপতি আমির হোসেন এবং চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওসার আহমেদ প্রমুখ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy