দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড

Published: October 10, 2026, 6:13 pm

পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশ। শনিবার পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয় এবং এ সময় ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে ভোলার চরফ্যাশন এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দারা রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন গলাচিপার ছোটশিবা গ্রামের লিটন জোমাদ্দার (৪০), দিরীপ রানা (৪৫), নিরব (২৮), রাব্বি হাওলাদার (২২), রাসেল (২৭) ও বাবুল হোসেন (৩৮) এবং ভোলার চরফ্যাশনের রাজ্জাক কাজী (৫০) ও জসিম হাওলাদার (৪৫)।

আটকের পর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আদালত প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস। এ সময় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার রহমাতুল্লাহসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞার সময় তেঁতুলিয়া নদীতে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh