অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত করল বিমান

Published: October 10, 2026, 4:27 pm

অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যোগাযোগ করতে পারেন।

বিমান কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই তা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh