রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

Published: October 10, 2026, 5:24 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর বিমানবন্দরটির বিভিন্ন অংশ থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শী দুজন এবং এ বিষয়ে অবগত আরও দুজনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন এবং পরবর্তীতে মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পর ১২টিরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস কিংবা দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। চলতি সপ্তাহে এর আগেও বিমানবন্দরটিতে দুবার হামলার ঘটনা ঘটেছে। আগের ওই হামলাগুলোতে চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন; এছাড়া একটি উড়োজাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, নতুবা অন্য গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে। ইতিমধ্যে কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজ তাদের হাব থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin