দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে জাফরপুর কালান থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদক অলোক সিং এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে বিরোধী নেতাদের আটকের ঘটনার মধ্যেই তার মুক্তির খবর এলো।
এর আগে শনিবার সিজেপির ডাকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যাওয়ার পথে অরবিন্দ কেজরিওয়ালকে আটক করে দিল্লি পুলিশ। একই সময়ে সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ এবং দুর্গেশ পাঠকসহ আম আদমি পার্টির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। কেজরিওয়াল মুক্তি পেলেও দলের অন্য আটক নেতাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে ঘোষণা দিয়েছেন যে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রতিদিন যন্তর মন্তরে মিছিল চালিয়ে যাবেন। অন্যদিকে, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আটক বিক্ষোভকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে তাদের মুক্তি না দেয়া হলে তিনি ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রার মতো কর্মসূচি গ্রহণ করবেন।





