ভারতে সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত

Published: October 10, 2026, 3:45 pm

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিদিন মিছিল করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্রসংগঠন। শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালানো হলেও আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে পিছু হটেনি। দলটির নেতারা জানিয়েছেন, সিইসিকে অপসারণ না করা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে জড়িত এবং ক্ষমতাসীন বিজেপির সঙ্গে তাদের গোপন যোগসাজশ রয়েছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি কর্তৃপক্ষ এই অভিযোগগুলো অস্বীকার করেছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের অন্য নেতারা আটক থাকায় শনিবারের বিক্ষোভে নেতৃত্ব দেন অজিঙ্ক শিন্দে। তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

একইভাবে ছাত্র ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রোববার থেকে সারা দেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করবেন এবং পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদের মঞ্চ তৈরি করা হবে।

এদিকে শনিবারের বিক্ষোভ কেন্দ্র করে দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তালিকায় ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ প্রভাবশালী রাজনৈতিক নেতারা। অবশ্য পরে মমতা ও কেজরিওয়ালসহ অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দিল্লিতে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সোমবার নতুন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। জোটের নেতারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy