সৌদিতে চার দফা হামলার দায় স্বীকার হুতি বিদ্রোহীদের

Published: October 11, 2026, 6:00 pm

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে চার দফা সামরিক অভিযান চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বিমান হামলার জবাবেই তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতিতে দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি আরব ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা চারটি অভিযান পরিচালনা করেছেন।

বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিন ধাপে হামলা চালানো হয়েছে, যার ফলে বিমানবন্দরটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও চতুর্থ অভিযানটি চালানো হয়, যার ফলে সেখানেও বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।

বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হুতিদের দাবি, আরামকোর শুগাদাম গ্যাস স্থাপনায় হামলার ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া তানাজিব তেল শোধনাগারেও তারা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুতি বিদ্রোহীরা আবারও আন্তর্জাতিক কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী এবং বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার জন্য সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দর নিরাপদ নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin