কনসার্টে মারামারির ঘটনায় জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ

Published: September 17, 2026, 1:18 pm

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় সংগঠনের দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বৃহস্পতিবার তাদের অফিশিয়াল প্যাডে এই নোটিশ পাঠায়।

শোকজ পাওয়া দুই নেতা হলেন— জবি শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার এবং ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে এই নোটিশে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই দুই নেতাকে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। সেখানে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাদের লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার রাতে জবি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের মতে, মঞ্চে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের কর্মীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy