রাজধানীতে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উদ্যোগে পঞ্চমবারের মতো এই তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভূরাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এবারের সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই বেসরকারি আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলনে বিশ্বের শতাধিক দেশ থেকে দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারেরও বেশি অংশগ্রণকারী যোগ দেবেন।
সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সম্মেলনের মূল বিষয়বস্তু ও পাঁচটি প্রধান স্তম্ভ তুলে ধরেন। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খুঁজে বের করাই এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই কনভারসেশনের পরিধি আরও বিস্তৃত হয়েছে। কঠিন ও সংবেদনশীল বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবারের আয়োজনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের বিশদ আলোচনার বিষয়বস্তু, সময়সূচি এবং আমন্ত্রিত আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইট (https://bobc.cgs-bd.com/) থেকে সংগ্রহ করা যাবে।





