শাহজালাল বিমানবন্দর এখন যেন মাছের বাজার, ক্ষুব্ধ ডাকসু ভিপি

Published: October 2, 2026, 4:25 pm

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেবল নামেই আন্তর্জাতিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিমানবন্দরের চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই বিমানবন্দরের ভেতরের পরিবেশ দেখলে যে কারও এটিকে মাছের বাজার বলে মনে হতে পারে।

সাদিক কায়েম বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বা ভারতের বিমানবন্দরে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই যাত্রীরা তাদের লাগেজ বুঝে পান। অথচ আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই থেকে চার ঘণ্টা অপেক্ষা করার পরও যাত্রীরা লাগেজ খুঁজে পান না। শুধু দীর্ঘ অপেক্ষা নয়, লাগেজ থেকে মালামাল চুরি হওয়া এবং যাত্রীদের নানাভাবে হেনস্তার শিকার হওয়ার ঘটনাও নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন ডাকসু ভিপি। তিনি বলেন, আমরা আশা করেছিলাম রাষ্ট্র এ ধরনের চরম অব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে ভুক্তভোগী ও প্রতিবাদকারীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

সাদিক কায়েম অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, জবাবদিহিতা নিশ্চিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh