রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Published: October 2, 2026, 4:29 pm

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ নিয়ে কোনো ধরণের সংকট নেই বলে স্পষ্ট জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রকল্পের অগ্রগতি নিয়ে মন্ত্রী জানান, এটি একটি অত্যন্ত বড় ও জটিল প্রকল্প। বড় প্রকল্পের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও অজানা সমস্যা সামনে আসতেই পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও সময়সীমার পরিকল্পনা থাকলেও তা সবসময় রক্ষা করা সম্ভব হয় না। তবে প্রকল্পের সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

রূপপুরকে আন্তর্জাতিক মানের ‘থ্রি জেনারেশন প্লাস’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, সব ধরনের নিরাপত্তাবিধি মেনে বিদ্যুৎ উৎপাদনে যেতে কিছুটা সময় প্রয়োজন। ১ হাজার ২২৪ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও উচ্চ তাপমাত্রায় কাজ করার পর যন্ত্র ঠান্ডা বা ‘কোল্ড ডাউন’ করার জন্য সময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জ্বালানি বা ইউরেনিয়াম আসার ক্ষেত্রে কোনো জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “না, না, না। ইনশাল্লাহ নাই, ইনশাল্লাহ নাই।” তিনি দেশবাসীর কাছে প্রকল্পের নিরাপত্তার খাতিরে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

প্রকল্পের সঠিক তথ্য পাওয়ার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের পরামর্শ দিয়ে বলেন, বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি যেমন মন্ত্রী নিজে, সেক্রেটারি, পিডি বা এমডির সঙ্গে যোগাযোগ করা উচিত। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করলে প্রকল্পের প্রকৃত পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, প্রকল্প নিয়ে যেকোনো সময় যেকোনো প্রশ্ন করা যাবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin