বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন।’ তিনি দাবি করেন, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে শারীরিকভাবে কাউকে নাজেহাল করার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।
জামায়াত আমির উল্লেখ করেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর আগে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তিনি বলেন, ‘তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কী ছিল, সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’
ডা. শফিকুর রহমান আরও সতর্কবার্তা দিয়ে বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে আড়াল করার উদ্দেশ্যেই যদি এই হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা একটি অশনি সংকেত। তিনি যোগ করেন, ভুক্তভোগী জনগণ এ ধরনের পরিস্থিতি কোনো অবস্থাতেই মেনে নেবেন না।





