ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে গ্রুপ ‘এ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি এবং ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। গোপালগঞ্জের এই ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ফর্টিস এফসি। ম্যাচের ১১ মিনিটে বক্সের ভেতর থেকে ওমর বাবুর ডানদিকে বাড়ানো বল পেয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার মোহাম্মদ হোসেন। ২১ বছর বয়সী এই ফুটবলারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস।
ম্যাচের প্রথমার্ধের ৩৭ মিনিটে ফকিরেরপুলের হৃদয় হাওলাদার ফর্টিসের মামুনুলকে ফাউল করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রেফারি হৃদয়কে হলুদ কার্ড দেখালে তিনি তর্কে জড়ান, যার ফলে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দলে পরিণত হওয়া ফকিরেরপুল বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ পায়। তবে ফকিরেরপুলের বিদেশি ফরোয়ার্ড বেন ওয়াত্তারা স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন; তার শটটি আটকে দেন ফর্টিসের গোলরক্ষক গোলাম রাব্বানি।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলেও লড়াই চালিয়ে যায় ফকিরেরপুল। ম্যাচের ৭১ মিনিটে অনিকের নেওয়া কর্নার কিক থেকে সমতা ফিরে পায় দলটি। কর্নার থেকে আসা বল গ্লাভসবন্দী করতে গিয়ে ফর্টিসের গোলরক্ষক রাব্বানি তালগোল পাকিয়ে ফেলেন। তার হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলে আত্মঘাতী গোল হয় এবং ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।





