খুলনার শিক্ষার্থী আজমুল হত্যা মামলার আসামি রিফাত পিরোজপুরে গ্রেপ্তার

Published: September 22, 2026, 12:16 pm

খুলনার বহুল আলোচিত শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও র‌্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের হওয়া আজমুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে রিফাত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সূত্রের ভিত্তিতে পিরোজপুরে তার অবস্থান শনাক্তের পর র‌্যাব-৬ (খুলনা) ও র‌্যাব-৮ (বরিশাল) যৌথভাবে এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার রিফাতকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ও নিয়মিত পরোয়ানাভুক্ত অপরাধীদের ধরতে র‍্যাবের এমন বিশেষ অভিযান নিয়মিত চালু থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy