রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Published: September 22, 2026, 11:48 am

ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে স্পিকার বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে চীন সরকারের সক্রিয় সহায়তা কামনা করেছেন। স্পিকার উল্লেখ করেন যে, প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশের জন্য একটি বড় প্রতিকূলতা হিসেবে দেখা দিয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সব সময় ‘এক চীন নীতি’ বা ওয়ান চায়না পলিসি সমর্থন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া তিনি ভোলাসহ দেশের উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান। একই সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এক্সিকিউটিভ কাউন্সিলে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীকে সমর্থন দিতে চীনের সহায়তা চেয়েছেন স্পিকার।

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্পিকার বলেন, আগের সরকারের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থ পাচারের মতো ঘটনায় মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বর্তমান সরকারকে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসেবে অভিহিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রাষ্ট্রদূত চীনকে বাংলাদেশের উন্নয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, মেগা প্রকল্পের পাশাপাশি মাঝারি ও ছোট প্রকল্পে চীনের বিনিয়োগ চলমান রয়েছে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশকে এই অঞ্চলে একটি পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী। আইসিটি এবং বিভিন্ন লজিস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর স্থাপন, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo