বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল থেকে নয়জন শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুরা হলো মামুন (১২), ওমর ফারুক (১২), সীমান্ত (১১), হান্নান (১৩), সুমন (১২), সাব্বির (১২), সিয়াম (১১), ফয়সাল (১৩) ও রিফাত (১২)।
ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা গতকাল সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ঘটনার শিকার হয়। মহিপুর পিসি ভাটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেবসহ কয়েকজন ব্যক্তি তাদের জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নেয় এবং নয় মাইল এলাকায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখে।
দীর্ঘ সময় জিম্মিদশায় থাকার পর বেলা ৩টার দিকে রিফাত নামের এক শিশু শিক্ষার্থী শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে ফিরে সে স্বজনদের কাছে পুরো ঘটনা খুলে বলে। এই খবর পাওয়ার পরপরই অন্য শিশুদের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগী এক শিশুর মা ফেন্সি বেগম জানান, শিশুটি হাপাতে হাপাতে বাড়িতে এসে ঘটনাটি জানালে তারা দ্রুত অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং শিশুদের উদ্ধার করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





