দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে পরিবহন খাতে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রেলের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই এবং বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।
লঞ্চের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। জ্বালানি তেলের দামসহ পরিবহন খাতের সার্বিক ব্যয় বিবেচনা করে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মন্ত্রী আরও বলেন, যে কোনো ধরনের ভাড়া বৃদ্ধিই সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে বৈশ্বিক পরিস্থিতি এবং দেশে জ্বালানি তেলের বর্তমান মূল্য বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইতোমধ্যে রাজধানীসহ দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।





