বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা ও দায়রা জজ মো. তসলিম আরিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল জজ বা বিচারক পদে সাময়িকভাবে মনোনীত ২০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর সরাসরি নিয়োগ পাওয়ার অধিকার নিশ্চিত করে না। প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে বা যুক্তিসঙ্গত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
নির্ধারিত শর্তানুসারে, কোনো প্রার্থীর আবেদনের তথ্য অসত্য প্রমাণিত হলে, তথ্য গোপন করা হলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে তার মনোনয়ন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়াও, প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।





