দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

Published: September 23, 2026, 11:52 am

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৭০ জন সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগে দুইজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রোগী প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের সর্বশেষ তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন, যা নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh