পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন

Published: September 23, 2026, 10:42 am

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ৭ জনকে এবং বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত দুটি আলাদা আদেশে ৬ জনকে নতুন দায়িত্ব প্রদান করা হয়।

মঙ্গলবার বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, যাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এছাড়াও ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপি থেকে জারি করা আদেশে ৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. সালাহউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার অফিসার ইনচার্জ এবং মুহাম্মদ ফরিদুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা অপর একটি আদেশে আরও ৩ কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের মধ্যে গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে ডিএমপির উত্তরা বিভাগে, ডিএমপির সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগে (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin