টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাইজখাড়া মরাগাঙ্গীতে নির্মিত একটি গার্ডার ব্রিজের নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজের ঢালাইয়ের কাজে বাঁশ ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দিনের কাজ রাতের আঁধারে করার সুযোগ নিয়ে এই অনিয়ম করেছে।
স্থানীয় বাসিন্দা শিহাব খানশূর ও আজিজ মিয়ার ভাষ্যমতে, রাতের বেলা গোপনে ব্রিজের কাজ করার সময় বাঁশ ও বালু-সিমেন্টের ব্যবহার দেখতে পান এলাকাবাসী। তারা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির নামের একটি প্রতিষ্ঠান ৯০.০৬ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজটির কাজ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু করে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে ব্রিজটির ৮০ শতাংশ কাজ শেষ হলেও ২০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেন, ব্রিজের গ্যাপগুলো দিয়ে শাটার বের করার সুযোগ না থাকায় বাঁশ দিয়ে স্ল্যাব বানিয়ে সিমেন্টের বস্তার খাঁচা তৈরি করে ঢালাই করা হয়েছে।
বিষয়টি নিয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন সোমবার সরেজমিনে পরিদর্শনে যান এবং অভিযোগের সত্যতা পাওয়ার কথা নিশ্চিত করেন। তিনি জানান, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বাসাইল উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, নির্মাণকাজে বাঁশ ব্যবহারের বিষয়টি সত্য। তবে এর দায়ভার উপজেলা প্রকৌশল দপ্তর নেবে না, কারণ এটি জেলা প্রকৌশল দপ্তরের কাজ। তারা জেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।





