বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি স্বজনদের

Published: September 21, 2026, 11:45 am

বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন সিকদার (৩২) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই দাবি জানায়। নিহতের বড় ভাই মো. আ. মান্নান সিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিবেশী মো. মনির খান। সংবাদ সম্মেলনে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর বিকেলে বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের ফরাজি মার্কেটসংলগ্ন একটি বাড়ির উঠানে সুমনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মা মোসা. মনোয়ারা বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—মো. মন্নান ওরফে মনা তালুকদার (৬২), মো. সুমন সিকদার (২৫), মো. রিগান হাওলাদার (৩৮) ও আ. রহিম হাওলাদার (৬৩)।

সংবাদ সম্মেলনে স্বজনরা অভিযোগ করেন, নিহতের স্ত্রীর সঙ্গে মন্নান ওরফে মনা তালুকদারের কথিত অনৈতিক সম্পর্ককে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। তারা আরও দাবি করেন, আসামিরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুল হাসান রুবেলের বক্তব্য পাওয়া যায়নি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি বলে স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin