টঙ্গীতে সাংবাদিকের বাড়িতে হামলা, চাপাতিসহ আটক ১

Published: September 21, 2026, 1:06 pm

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় প্রকাশ্যে ছিনতাই প্রতিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঘটা এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আব্দুল আলিম (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ জানিয়েছে, আটকের সময় তার কাছ থেকে একটি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম শিমুল ঢাকা টুডে ও দৈনিক খবর সংযোগের টঙ্গী প্রতিনিধি হিসেবে কর্মরত। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, রবিবার রাতে এরশাদনগর ১ নম্বর ব্লকের সমাজকল্যাণ অফিস সংলগ্ন সড়কে রবু (২৮), সাগর (২৫)-সহ কয়েকজন প্রকাশ্যে ছিনতাই করছিলেন। বিষয়টি নজরে এলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়াসহ স্থানীয় কয়েকজন তাদের প্রতিহত করেন।

অভিযোগে বলা হয়েছে, এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে পরদিন সোমবার সকালে রবু ও সাগরের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক শিমুলের বাড়িতে হামলা চালান। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আব্দুল আলিমকে আটক করেন এবং তার কাছ থেকে চাইনিজ চাপাতিটি উদ্ধার করেন। একই দিন সকাল সাড়ে ৯টার দিকে মিরাজ মিয়ার ওপরও হামলার চেষ্টা চালানো হয়। মিরাজ মিয়ার দাবি, হামলাকারীরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করে এবং একপর্যায়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করার চেষ্টা চালায়।

এই ঘটনার পর এরশাদনগর এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ছিনতাই প্রতিরোধের জের ধরেই পরপর এই হামলার ঘটনাগুলো ঘটেছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানিয়েছেন, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin