কুষ্টিয়া সরকারি কলেজ গেট এলাকায় একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, একাদশ শ্রেণির ভর্তি আবেদনকে কেন্দ্র করে কলেজ গেট এলাকার কিছু অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের সত্যতা পেয়ে সেখানে তদারকিমূলক অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— স্টুডেন্ট প্লাস, তাহসিন কম্পিউটার, ফ্রেন্স কম্পিউটার এবং তনিমা এন্টারপ্রাইজ।
কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে সার্বিক নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এ সময় কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুষ্টিয়া জেলা শাখা এবং কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রপ্রতিনিধিরা সক্রিয়ভাবে সহায়তা করেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
অভিযানকালে সহকারী পরিচালক মো. মাসুম আলী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সেবা ও পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, নির্ধারিত ফি গ্রহণ করা এবং সেবাগ্রহীতাদের স্বচ্ছ ও ন্যায্য মূল্যে সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশ দেন। তিনি জানান, শিক্ষার্থীদের জিম্মি করে অসাধু উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না এবং ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





