মাদারীপুরে বাগান থেকে উদ্ধার বিরল পাহাড়ি বাজপাখি, চলছে চিকিৎসা

Published: September 21, 2026, 3:40 pm

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকায় একটি বাগানে আহত অবস্থায় পড়ে থাকা বিরল প্রজাতির একটি ‘পাহাড়ি বাজপাখি’ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কয়েকজন যুবক বাগানটিতে পাখিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন। পাখিটি উড়তে পারছিল না। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পাখিটির ডানায় ক্ষত দেখতে পান।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার হওয়া পাহাড়ি প্রজাতির বাজপাখিটি পুরুষ। এটি ‘গ্রে ফিশ ঈগল’ নামেও পরিচিত। সাধারণত পাহাড়ের উঁচু গাছে এরা বাসা বাঁধে, তাই এ অঞ্চলে এ ধরনের পাখি খুব একটা দেখা যায় না। বর্তমানে পাখিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডানার ক্ষতস্থানে ড্রেসিং ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। এছাড়া পাখিটিকে মাছ ও মুরগির মাংস খেতে দেওয়া হচ্ছে এবং সেটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম আরও বলেন, আপাতত পাখিটির দেখভালের জন্য দুজন বনকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা নিয়মিত খাবার, পানি ও ওষুধ দিচ্ছেন। চিকিৎসার পর পাখিটি উড়তে সক্ষম হলে মাদারীপুরের কোনো উন্মুক্ত স্থানে সেটিকে অবমুক্ত করা হবে। তবে উড়তে না পারলে পাখিটিকে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।

রাজৈর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও প্রাণিবিশেষজ্ঞ সত্যজিৎ রায় জানান, উদ্ধার হওয়া পাখিটি একধরনের বিরল শিকারি পাখি। এরা তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও ক্ষিপ্রতার জন্য পরিচিত। স্ত্রী পাখি সাধারণত পুরুষের চেয়ে আকারে বড় হয়। এরা মাছ, ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশসহ ছোট প্রাণী এবং পায়রা ও ঘুঘুর মতো পাখি শিকার করে জীবন ধারণ করে। এছাড়া বিভিন্ন জলাশয় থেকেও এরা মাছ শিকার করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo