মে মাসের দ্বিতীয় রোববার ছিল মা দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আয়োজিত ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাজধানীর এয়ার ফোর্স বেজক্যাম্পে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল নানাবিধ আনন্দঘন আয়োজন। এয়ার ফোর্স বেজক্যাম্পের প্লে-গ্রাউন্ডে উপস্থিত সবাই খেলার সুযোগ পেয়েছেন, পাশাপাশি ছিল গেম ও র্যাপিড ফায়ার রাউন্ড। অনুষ্ঠানে সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সুষম পুষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ভালো খাবারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। এছাড়া সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন কারিশমা সানু সভ্যতা।
চপস্টিকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর মা দিবস উপলক্ষে তারা মা ও সন্তানদের নিয়ে এমন ফ্যামিলি ফান ডে উদ্যাপন করে থাকে। এর মূল লক্ষ্য হলো ছবি, কবিতা ও গানের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা চর্চায় উৎসাহ দেওয়া এবং তাদের সুশৃঙ্খল ও সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা।





