জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ) কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বৃদ্ধি করেছে। সোমবার বিআইসিডিএ’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সংগঠনের মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর ফলে ডিজেলের দাম ১৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে। এই বর্ধিত খরচ সমন্বয় করতেই কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে গড়ে ৯.৮৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে, যা সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।
বিআইসিডিএ’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৬টি প্রধান ক্ষেত্রে এই সারচার্জ কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাইকরণ, বোঝাইয়ের পর ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে কন্টেইনার আনা-নেয়া।
রপ্তানি পণ্যের মোট ওজনের (ভিজিএম) চার্জের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন থেকে শুরু করে ওয়েইং স্কেলে ওজন পরিমাপ এবং পুনরায় তা লোড ইয়ার্ডে পরিবহন ও উত্তোলনের চার্জ বাড়ানো হয়েছে। এছাড়া আমদানি পণ্য ডেলিভারি চার্জের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত পরিবহন, আইসিডিতে পণ্য ভর্তি কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাকে পণ্য ডেলিভারি দেয়ার চার্জও বৃদ্ধি করা হয়েছে।





