ওসমানীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

Published: November 23, 2026, 10:50 am

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রাম থেকে সফর আলী ওরফে কালা মিয়া (৫১) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। সফর আলী সুনামগঞ্জের রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে এবং বর্তমানে তিনি ওসমানীনগরের তেরহাতি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ফজরের আজানের পর সফর আলী বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ৮টার দিকে তার মেয়ে বাড়ির পেছনের একটি কাঁঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মেয়ের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পাওয়ার পর ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin