যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এই বিভ্রাটের ফলে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ছয়টি সূত্রের বরাতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। এনএসএ নেট নামে পরিচিত এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মকর্তারা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করে থাকেন। তবে এখন পর্যন্ত এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
সমস্যার কারণ ও ব্যাপ্তি খতিয়ে দেখার জন্য এনএসএ তাদের কর্মীদের অফিসে প্রবেশের সময় ধাপে ধাপে নির্ধারণ করেছে। এই ব্যবস্থার উদ্দেশ্য হলো, একই সঙ্গে বিপুলসংখ্যক কর্মী যেন নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা না করেন। সিএনএন এ বিষয়ে মন্তব্য জানতে এনএসএর সঙ্গে যোগাযোগ করেছে।
বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, এনএসএ নেট অচল হলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতায় এর কোনো প্রভাব পড়বে না। তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদে যোগাযোগের জন্য সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছেন এবং আগামীকাল তার চীন সফরের কথা রয়েছে, যেখানে চীনা নেতা শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বিপর্যয়ের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় করপোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দিচ্ছে। এর আগে গত শুক্রবার প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ ছিল, যার কারণ হিসেবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আরকানসাসের একটি রাউটারে ত্রুটির কথা জানিয়েছিল। এছাড়া গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাটের কারণে আউটলুক ইমেইল ও টিমস মিটিংয়ে প্রবেশ করতে পারেননি বিশ্বের অনেক ব্যবহারকারী।





