সকাল ১০টা, অফিস খুলতেই প্রিন্টার অচল, ওয়াই-ফাই সংযোগে বিঘ্ন, কিংবা হিসাব বিভাগের ল্যাপটপ চালু না হওয়া—ছোট ও মাঝারি অফিসের জন্য এটি নিয়মিত চিত্র। এমন পরিস্থিতিতে হার্ডওয়্যার, নেটওয়ার্ক এবং ব্যবহারকারীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলার মতো দক্ষ কর্মীর প্রয়োজন হয়, যাকে অফিসের ভাষায় ‘আইটির লোক’ বলা হয়। এই বহুমুখী কাজের জন্য দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছেন এক্সচেঞ্জকরির দুই প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ও এম আহসান হাবিব।
রাজধানীর মিরপুর-১১ এলাকায় এক্সচেঞ্জকরি টেক একাডেমি এই প্রশিক্ষণ কোর্সটি চালু করছে। মাঠপর্যায়ে ১৭ বছরের কাজের অভিজ্ঞতার আলোকে সাজানো এই কোর্সে শিক্ষার্থীরা সশরীর শ্রেণিকক্ষে হাতে-কলমে শিখবেন। পাঠ্যসূচির মধ্যে রয়েছে বিদ্যুৎ-নিরাপত্তা, টুলসের ব্যবহার, পিসি ও ল্যাপটপ মেরামত, মাদারবোর্ডের সমস্যা নির্ণয়, উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবস্থাপনা, ডেটা উদ্ধার এবং ডিস্ক ক্লোনিং। এছাড়া ল্যান, রাউটার ও ওয়াই-ফাই কনফিগারেশন, নেটওয়ার্ক প্রিন্টার, ফাইল শেয়ারিং, ইউপিএস-আইপিএস, সিসিটিভি সেটআপ, স্মার্ট ডিভাইস এবং হাজিরা মেশিনের মতো যন্ত্রপাতির ব্যবহারও শেখানো হবে।
কারিগরি দক্ষতার পাশাপাশি সহকর্মী ও গ্রাহকের সঙ্গে যোগাযোগের কৌশল, রিমোট সাপোর্ট, পারসোনাল ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিষয়গুলো কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্সচেঞ্জকরি টেক একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ জানান, তাদের লক্ষ্য এমন দক্ষতা অর্জন করা যা দিয়ে চাকরি পাওয়া কিংবা নিজে কিছু শুরু করা সম্ভব। প্রশিক্ষণ শেষে আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজের সুযোগের পাশাপাশি নেটওয়ার্কিং বা সিসিটিভি সার্ভিসিংয়ের মতো ব্যবসা শুরুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অ্যালামনাই সহযোগিতা পাওয়া যাবে।
স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, হার্ডওয়্যার খাতে হাতে-কলমে কাজ জানা দক্ষ কর্মীর অভাব রয়েছে, যার ফলে নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতে ৩-৪ মাস সময় ও বড় অংকের বিনিয়োগ করতে হয়। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মনে করেন, আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে দক্ষ কর্মী থাকলে অফিসের সময় ও খরচ সাশ্রয় হয়।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২১ নভেম্বর থেকে প্রথম দফায় দুটি ব্যাচ শুরু হবে। একটি ব্যাচ কর্মদিবসে এবং অন্যটি চাকরিজীবী ও শিক্ষার্থীদের জন্য শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ব্যাচে ২০টি করে আসন রয়েছে এবং কোর্স ফি ৩০ হাজার টাকা। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।





