সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ খোকন আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খোকন আলী ওই গ্রামেরই বাসিন্দা শুকুর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আসাদুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শিবপুর গ্রামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় খোকন আলীর শয়নকক্ষ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানকালে ইয়াবার পাশাপাশি তার কাছ থেকে নগদ ১৬ হাজার ৪’শ টাকাও জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, খোকন আলী দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





