রমজানে ১০ নিত্যপণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন রাখার নির্দেশ

Published: November 9, 2026, 6:09 am

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেল ও চিনিসহ ১০টি জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্রের (এলসি) নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব পণ্য আমদানির ক্ষেত্রে এই মার্জিন নির্ধারণ করতে বলা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এসব এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনাসংবলিত একটি সার্কুলার জারি করে দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে জানানো হয়, পবিত্র রমজান মাসে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েলসহ ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুরের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এ অবস্থায় বাজারে সরবরাহ নিশ্চিত করা এবং পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে পণ্যগুলোর আমদানি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলারে আগের নীতিমালার বিষয়টি তুলে ধরে জানানো হয়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটার নম্বর ৪১-এর মাধ্যমে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা ছিল। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর বিআরপিডি সার্কুলার লেটার নম্বর ২৪-এর মাধ্যমে রমজানের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপণ্যে মার্জিনের হার সর্বনিম্ন রাখার সুযোগ দেওয়া হয়, যার কার্যকারিতা ছিল ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। আগামী রমজান সামনে রেখে নতুন করে একই ধরনের নির্দেশনা দেওয়া হলো।

নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। আমদানির জন্য এলসি খোলার সময় সাধারণত ব্যাংকগুলো ব্যবসায়ীদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ মার্জিন জমা নেয়। এই হার বেশি হলে ব্যবসায়ীদের নিজস্ব মূলধনের প্রয়োজন বাড়ে। বাংলাদেশ ব্যাংকের এই সুবিধার ফলে ব্যবসায়ীদের প্রাথমিক নগদ অর্থের চাপ কমবে এবং তারা কম নিজস্ব অর্থ ব্যবহার করে রমজানের প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin