উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও রাত বাড়ার সাথে সাথে পাহাড়ি হিমেল বাতাসের দাপটে শীতের অনুভূতি তীব্র হয়ে উঠছে। ভোরবেলাতেও এখন চারপাশ হালকা কুয়াশায় ঢাকা থাকছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরেই তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার সকাল ৬টা ও ৯টায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন। সামনের দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা পর্যায়ক্রমে আরও কমে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।
সরেজমিনে দেখা যায়, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই শীতের আমেজ বাড়তে থাকে। তালমা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন বলেন, সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করে, যার ফলে রাতে কাঁথা বা কম্বল ছাড়া ঘুমানো কঠিন হয়ে পড়েছে। সকালে ভারী কাপড় ছাড়া বাইরে বের হওয়াও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
রিকশাচালক আনিছুর ও মোটরসাইকেল চালক আজম ইসলাম জানান, রাতে ও সকালে রাস্তায় বের হওয়ার সময় হিমেল বাতাসের কারণে জ্যাকেট বা গরম কাপড় পরতে হচ্ছে। গাড়ি চালানোর সময় এই ঠান্ডা বাতাসের তীব্রতা আরও বেশি অনুভূত হয়।





